দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুয়েতে প্রবাসীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে শর্ত কঠোর করছে দেশটির ব্যাংকগুলো। চাকরির নিরাপত্তা, কুয়েতীকরণ এবং সম্ভাব্য চুক্তি বাতিলের আশঙ্কায় ঋণ দেওয়ার আগে গ্রাহকের চাকরি ঋণের পুরো মেয়াদজুড়ে কতটা নিরাপদ থাকবে, তা গুরুত্ব দিয়ে যাচাই করছেন ব্যাংকাররা।
ব্যাংক খাতের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রবাসীদের ঋণ দেওয়া বন্ধ করা হয়নি। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো আগের তুলনায় আরও বাছাই করে গ্রাহক নির্বাচন করছে।
কুয়েতীকরণের আওতায় পড়া সরকারি পদ, অতিরিক্ত জনবল হিসেবে বিবেচিত চাকরি এবং পুনর্গঠনের মুখে থাকা পেশাগুলোতে বাড়তি যাচাই করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত জনবল পরিকল্পনার আওতায় পড়া কিছু সরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং সমবায় সমিতি ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের কর্মীরা।
তবে তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে বিবেচিত পেশায় থাকা প্রবাসীরা এখনও ঋণ পাওয়ার সুযোগ রাখছেন। চিকিৎসক, প্রকৌশলী, স্বাস্থ্যসেবা পেশাজীবী, কারিগরি কর্মী এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কর্মরতদের ক্ষেত্রে ব্যাংকগুলো ঋণ দিতে আগ্রহী। কুয়েতীকরণের ঝুঁকিতে নেই এমন বিশেষায়নের শিক্ষকরাও ঋণের জন্য যোগ্য থাকছেন।
ঋণ দেওয়ার ক্ষেত্রে এখন চাকরির মেয়াদ, বেতন, ঋণের পূর্ববর্তী ইতিহাস এবং চাকরি শেষে প্রাপ্য সুবিধাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় ১০ বছর বা তার বেশি সময় ধরে চাকরিতে থাকা কর্মীদের তুলনামূলক কম ঝুঁকির গ্রাহক হিসেবে দেখা হতে পারে। কারণ দীর্ঘ চাকরির মেয়াদে জমা হওয়া চাকরি শেষে প্রাপ্য সুবিধা অতিরিক্ত নিরাপত্তা হিসেবে কাজ করতে পারে।
অন্যদিকে নতুন নিয়োগ পাওয়া কর্মী এবং কম শিক্ষাগত যোগ্যতার কর্মীদের জন্য শর্ত আরও কঠোর হতে পারে। এসব গ্রাহকের ঋণের সীমাও তুলনামূলক কম নির্ধারণ করা হতে পারে।
নিয়ন্ত্রক সংস্থা ও ব্যাংকের শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য কুয়েতি ও প্রবাসী গ্রাহক সর্বোচ্চ ৯৫ হাজার কুয়েতি দিনার পর্যন্ত ভোক্তা ও আবাসন ঋণ মিলিয়ে অর্থায়ন পেতে পারেন। ৯৫ হাজার কুয়েতি দিনারের ঋণের জন্য প্রায় ২ হাজার ৭৫০ দিনার বেতন প্রয়োজন হবে। এতে আনুমানিক মাসিক কিস্তি হবে ১ হাজার ১০০ দিনার, যা নিট বেতনের ৪০ শতাংশের সমান।
এ ছাড়া ২৫ হাজার কুয়েতি দিনারের ঋণের জন্য প্রায় ১ হাজার ২২৫ দিনার বেতন প্রয়োজন হবে। এ ঋণের আনুমানিক মাসিক কিস্তি ৪৯০ দিনার।
ঋণ দেওয়ার আগে ব্যাংকগুলো এখন নিয়োগদাতা প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, সুনাম এবং নিয়মিত বেতন পরিশোধের রেকর্ডও যাচাই করছে। কুয়েতের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অথবা ব্যাংকের আগে থেকেই অনুমোদিত প্রতিষ্ঠানের কর্মীরা তুলনামূলক সুবিধাজনক বিবেচনা পেতে পারেন।
কুয়েতীকরণের সম্ভাবনাও ঋণের পরিশোধের মেয়াদ নির্ধারণে প্রভাব ফেলছে। বিচারকদের এখনও শক্তিশালী ঋণযোগ্যতা রয়েছে। তবে ২০৩০ সালের শেষ নাগাদ বিচার বিভাগে কুয়েতীকরণ বাস্তবায়নের পরিকল্পনা থাকায়, তাদের ঋণের মেয়াদ সম্ভাব্য প্রতিস্থাপনের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য করে নির্ধারণ করা হতে পারে।
তবে বড় অঙ্কের আমানত, সম্পদ অথবা চাকরি শেষে প্রাপ্য সুবিধা রয়েছে এমন উচ্চমূল্যের প্রবাসী গ্রাহকেরা এখনও অগ্রাধিকার পাচ্ছেন। তাদের ক্ষেত্রে তুলনামূলক বেশি অর্থায়নসীমা এবং প্রতিযোগিতামূলক সুদের হার দেওয়ার সুযোগ থাকছে।
/অ